
ধাঁধা আর হেঁয়ালি
বুদ্ধির ধাঁধা উত্তর সহ | Buddhir Dhadha Uttor Soho | Bangla Funny Riddles with Answers | Bangla Dhadha With Answers
প্রথম ধাঁধা ॥ নীচের প্রশ্নগুলোর চটপট জবাব দাও।
(ক) কোন্ জায়গার নাম সকলেই জানতে চায়?
(খ) কোন্ জায়গা বেড়েই চলেছে?
(গ) কোন্ দ্বীপ শস্য?
(ঘ) কোন্ নদী ফরসা নয়?
(ঙ) কোন্ পর্বতের মাথা কাটলে উপদ্বীপ হয়?
দ্বিতীয় ধাঁধা ॥
একজন বিপ্লবীর চিঠিপত্র ঘেঁটে একটি সাংকেতিক পত্র পাওয়া গিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হবে কিছু জায়গার নাম পরপর বসানো। কিন্তু একটু অন্য ভাবে পড়লেই গুপ্ত চিঠিটি উদ্ধার করা যায়। দ্যাখো তো, পড়তে পারো কি না! “ভারত ইটাহার ভূপাল পলাশী তিনসুকিয়া, তোপচাঁচি মাদ্রাজ রমনা পিনালী ছত্তিশগড় নেতারহাট চম্বল রংপুর। সাহেবগঞ্জ বজবজ ধাত্রীগ্রাম নন্দীগ্রাম! ইচ্ছাপুর তিনপাহাড়—বিলাসপুর মধুপুর লক্ষ্মীকান্তপুর।”
তৃতীয় ধাঁধা ॥
এটাও একটা চিঠি। কিছু-কিছু জায়গায় ড্যাশ চিহ্ন (—) দেওয়া আছে। সেই সব জায়গায় লাগসই কিছু ফুলের নাম বসিয়ে চিঠিটি পড়ে ফেলো তো!
ভাই প্র—,
তোমাকে এর আগেও একটা চিঠি দিয়েছি, —ব পাইনি। আমার শরীর এ— ভালো যাচ্ছে না। পুজোর ছুটিতে কয়েকদিনের জন্য —তলায় বেড়াতে যাবার ইচ্ছে আছে।
জামাইবাবু —ডাঙায় বদলি হয়ে গেছেন। গত সপ্তাহে দিদিরা মুর্শিদাবাদের নানান জায়গা ঘুরে এলো; —ীতেও গিয়েছিল। সেখানে জামাইবাবুর ভাই মু—থাকে। বাড়িটা নাকি বিশাল এক প্রাসাদ। সম্ভবত তৈরী করেছিলেন নবা—। বাড়িটার বহি— জীর্ণপ্রায়, কিন্তু ভেতরটা এখনো খুব জমকালো।
ওদের —তলার বাড়িতে এখন ছোটভাই —নাভ থাকে। সেও এখন রীতিমত যু—। পড়াশোনায় চিরকালই ভালো, —য় বৃত্তি নিয়ে পাশ করেছে।
তুমি তো দার্জিলিঙ গিয়েছিলে, কেমন লাগলো —জঙ্ঘা? সব খবর জানিয়ে —ব দিও। আমার হাতে এখন বহু ব— কাজ। ইতি
সু—
চতুর্থ ধাঁধা ॥
এ যদি না থাকে তবে পুরো দমবন্ধ,
মধ্যম পদ লোপে জেগে থাকে গন্ধ,
পা ভেঙে বাখারি, আর মাথা ভেঙে ফেলাতে
সময়টা কেটে যাবে নানাবিধ খেলাতে॥
পঞ্চম ধাঁধা ॥
ছাপতে গিয়ে শব্দগুলো সব এদিক-ওদিক হয়ে গিয়েছে। কতগুলো জায়গার নাম, ঠিক-মতো বসিয়ে পড়তে পারো কিনা দ্যাখো।
কানাটাগরা সশন্দেলিখা বেলয়াড়িউ কমাচনিক গঙ্গহিলঞ্জ মরহপুবর চরন্দগনন কেশানতনিন্তি সিহরবীং রত্তন চিঙ্গ নীলবশা
ষষ্ঠ ধাঁধা ॥
এক বৃদ্ধ মৃত্যুকালে তিন ছেলেকে বারোটি মুখবন্ধ থলে দিয়ে বললেন, “এই থলেগুলোর ওপর ১ থেকে ১২ পর্যন্ত নম্বর দেওয়া আছে। থলের নম্বর যত, ভেতরেও তত সংখ্যক মোহর। তোমরা কোনো থলে না খুলে সমান তিন ভাগ করে নেবে মোহরগুলো।
কোন্ ছেলে কোন্ কোন্ থলে নেবে এবং প্রত্যেকে কটি করে মোহর পাবে বার করতে হবে।
সপ্তম ধাঁধা ॥
নীচের বাক্যগুলোতে যেখানে-যেখানে ড্যাশচিহ্ন (—) দেওয়া আছে সেখানে-সেখানে উপযুক্ত শব্দ বসাতে হবে। কিন্তু শব্দ-বসানোর শর্ত হল, একটি বাক্যে প্রথম অনুক্ত স্থানে যে-শব্দ বসবে, দ্বিতীয় অনুক্ত স্থানে তার উল্টো রূপটি বসাতে হবে। যেমন, প্রথমে ‘জবা‘ বসলে পরে বসবে ‘বাজ‘।
(ক) নুন দিয়ে—খেতে—লাগে
(খ) এখন—নেমো না, খানিক আগে কুমিরের—দেখা গেছে।
(গ) জলসাঘরে নাচছে—, নাটমণ্ডপে বসেছে—।
(ঘ) —গাছ জড়িয়ে উঠেছে অচেনা—।
(ঙ) —র আদরের—নেই।
(চ) রসগোল্লার—আর দুধের—, দুইয়ের মিশেল যেন মণি-কাঞ্চন যোগ।
(ছ) প্রভুর সেবায় — — জোড়কর।
(জ) — লোকে যেন সুখী —!
(ঝ) ভয় কেটে গেল, মনের মধ্যে — সঞ্চারিত হল —!
(ঞ) ঠাকুরঘরের কাজে —র বাসনের ব্যবহারই —র পছন্দ।
অষ্টম ধাঁধা ॥
৮ লিটার দুধ-ভর্তি একটি পাত্র নিয়ে বেরিয়েছে এক গোয়ালা। সঙ্গে আরো দুটি খালি পাত্র। একটি পাঁচ লিটারের, অন্যটি তিন লিটারের। দু-জন খদ্দের জুটল। দু-জনেই ৪ লিটার করে দুধ নেবে। মাপার কোনো আলাদা ব্যবস্থা নেই। শুধু এ-পাত্র থেকে ও-পাত্রে ঢালাঢালি করে দুজনকে ৪ লিটার করে দুধ বিক্রি করলো গোয়ালাটি। কী করে করলো?
নবম ধাঁধা ॥
কয়েকজন কবির নাম ও তাদের জন্মস্থান দেওয়া হল। কিন্তু সব কিছুই ওলট-পালট হয়ে গেছে। ঠিক করে বসাও, কোন্ কবির পাশে কোন্ জায়গার নাম হবে।
মুকুন্দরাম চক্রবর্তী সাগরদাঁড়ি
কৃত্তিবাস ওঝা কেঁদুলি
কাশীরাম দাস দামুন্যা
জয়দেব ফুলিয়া
মধুসূদন দত্ত সিঙ্গি
দশম ধাঁধা ॥
আদি-অন্ত জানায় সময়,
খাওয়া ভাল, তোলা ভাল নয়॥
ধাঁধার উত্তর
(১) (ক) কোন্নগর (কোন্ নগর?) (খ) বর্ধমান (গ) যবদ্বীপ (ঘ) কৃষ্ণা (ঙ) হিমালয়।
(২) প্রতিটি জায়গার প্রথম অক্ষর পড়ে যাও। চিঠিটির গুপ্ত অর্থ এইরকম : “ভাই ভূপতি, তোমার, পিছনে চর। সাবধান! ইতি—বিমল।”
(৩) কাশ, জবা, কদম, শিমুল, বেল, পলাশ, কুন্দ, বকুল, রঙ্গন, চাঁপা, পদ্ম, বক, জাতী, কাঞ্চন, জবা, কেয়া, কমল।
(৪) বাতাস
(৫) নাগরাকাটা, সন্দেশখালি, উলুবেড়িয়া, মানিকচক, হিঙ্গলগঞ্জ, বহরমপুর, চন্দননগর, শান্তিনিকেতন, বীরসিংহ, চিত্তরঞ্জন, শালবনী।
(৬) প্রত্যেকে পাবে ২৬টি করে মোহর। প্রথম নেবে, ১, ৫, ৯ ও ১১ নম্বর থলে। দ্বিতীয় ২, ৪, ৮ ও ১২ নম্বর থলে। ৩, ৬, ৭ ও ১০ নম্বর থলে নেবে তৃতীয় জন।
(৭) ক—জাম, মজা খ—জলে, লেজ গ—নর্তকী, কীর্তন, ঘ—তাল, লতা ঙ—মাসী, সীমা চ—রস, সর ছ—দাস, সদা জ—ইহ, হই ঝ—সহসা, সাহস ঞ—তামা, মাতা।
(৮) ঢালাচালির পর্যায়ক্রম নীচে দেখানো হল :
আট লিটারী পাত্র | পাঁচ লিটারী পাত্র | তিন লিটারী পাত্র | |
|---|---|---|---|
(ক) | ৮ | ০ | ০ |
(খ) | ৩ | ৫ | ০ |
(গ) | ৩ | ২ | ৩ |
(ঘ) | ৬ | ২ | ০ |
(ঙ) | ৬ | ০ | ২ |
(চ) | ১ | ৫ | ২ |
(ছ) | ১ | ৪ | ৩ |
(জ) | ৪ | ৪ | ০ |
(৯)
মুকুন্দরাম চক্রবর্তী — দামুন্যা
কৃত্তিবাস ওঝা — ফুলিয়া
কাশীরাম দাস — সিঙ্গি
জয়দেব — কেঁদুলি
মধুসূদন দত্ত — সাগরদাঁড়ি
(১০) পটোল





