পাঁচমিশেলি ধাঁধা
বুদ্ধির ধাঁধা উত্তর সহ | Buddhir Dhadha Uttor Soho | Bangla Funny Riddles with Answers | Bangla Dhadha With Answers
প্রথম ধাঁধা॥ একটা বাড়িতে জানালা ভেঙে চুরি হয়ে গিয়েছে। সেই চুরির তদন্ত করতে ডাকা হয়েছে চারজন বাঘা গোয়েন্দাকে। গোয়েন্দা চারজনের নাম—ব্যোমকেশ, জয়ন্ত, কিরীটী এবং প্রদোষ। সারা বাড়িটায় তন্ন তন্ন অনুসন্ধান চালিয়ে চারটে সূত্র পাওয়া গেল—ভাঙা জানালা, পায়ের ছাপ, একটা চাবি আর এক টুকরো কাপড়।
নীচে কয়েকটি সূত্র দেওয়া হল। সেই সূত্র থেকে বার করতে হবে কোন্ গোয়েন্দা কোন্ সূত্র খুঁজে পেয়েছে।
(ক) ভাঙা জানালার ব্যাপারটা যখন চোখে পড়ে এক গোয়েন্দার, জয়ন্ত তখন পাশের ঘরের একটা চোরাসিন্দুক দেখতে ব্যস্ত।
(খ) চাবিটি যে-গোয়েন্দার প্রথম চোখে পড়েছে, সে তক্ষুনি ছুটে গিয়ে চাবিটি কিরীটীকে দেখায়।
(গ) ব্যোমকেশ বা জয়ন্ত কেউই চাবি খুঁজে পায়নি। কাপড়ের টুকরোটাও তারা কেউ আবিষ্কার করেনি।
দ্বিতীয় ধাঁধা॥ একটা অ্যালার্ম-ঘড়ি ঘন্টায় চার মিনিট করে স্লো হয়ে যায়। সাড়ে-তিন ঘন্টা আগে ঘড়িটাকে মিলিয়ে ঠিক করে দেওয়া হয়েছে। আরেকটা বড় ঘড়িতে—যেটা নির্ভুল সময় দেয়—বারোটার ঘন্টা বাজল এখন।
কত মিনিট বাদে অ্যালার্ম-ঘড়িটায় বারোটা বাজবে? খুব সূক্ষ্ম হিসেব করার দরকার নেই, মোটামুটিভাবে কত মিনিট বললেই চলবে।
তৃতীয় ধাঁধা॥
বয়স্ক, তবু তিনি হৃদয়ে নবীন
বয়সের শেষ অঙ্কটি তাঁর “তিন”,
বয়সটি পুরো যদি ওল্টানো চাও—
প্রথম অঙ্কটির বর্গ বানাও।
সহজ সূত্র অতি, কাজ যা বাকি—
চটপট বলে ফেলা—বয়সটা কী?
চতুর্থ ধাঁধা॥ চারজন উঠতি ক্রিকেট-খেলোয়াড়। জয়দীপ, চন্দন, বরুণ ও স্বপন। চারজন চার দলের খেলোয়াড়। ক্লাব চারটির নাম, মিলনী, লহরী, হীরামন ও দক্ষিণায়ন। পরপর বলা হয়নি কিন্তু। এদের মধ্যে একজন ইঞ্জিনীয়ার, একজন অধ্যাপক, একজন ব্যবসায়ী, একজন ব্যাংক-অফিসার। জয়দীপ এবং যে-খেলোয়াড়টি ইঞ্জিনীয়ার, দুজনেই স্পিন বোলার। বরুণ মিলনীর উইকেট-কিপার। অধ্যাপক যে, সেও উইকেট-কিপার।
স্বপন লহরীর বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল। চন্দনের রেকর্ড আরও ভাল। হীরামনের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেছে সে. লহরীর বিরুদ্ধে একটি খেলায় চারজনকে স্টাম্প আউট করেছিল সে গত সীজনে।
মিলনীর কোনো খেলোয়াড় ব্যবসায়ী নয়।
এবার বলো, ইঞ্জিনীয়ার কে? কোন দলেই বা সে খেলে?
পঞ্চম ধাঁধা॥ পাঁচটা ৩ দিয়ে ৩৭ লিখতে পারো?
যোগ-বিয়োগ-গুণ-ভাগ—যে-কোনো চিহ্ন দিতে পারো, তবে কমপক্ষে দু-রকম উত্তর চাই।
॥॥উত্তর॥॥
(১) ব্যোমকেশ বা জয়ন্ত কেউই চাবি খুঁজে পায়নি (সূত্র গ), যে-গোয়েন্দা চাবি পেয়েছে, সে গিয়ে তক্ষুনি চাবিটি কিরীটীকে দেখিয়েছে (সূত্র খ), সুতরাং চাবি কিরীটীও আবিষ্কারক নয়। চাবিটি, সুতরাং, খুঁজে পেয়েছে প্রদোষ।
কাপড়ের টুকরো ব্যোমকেশ বা জয়ন্ত পায়নি (সূত্র গ), প্রদোষ তো চাবি পেল। সুতরাং কাপড়ের টুকরো খুঁজে পেয়েছে কিরীটী।
জয়ন্ত জানালা ভাঙা আবিষ্কারক নয় (সূত্র ক), সুতরাং ভাঙা জানালার আবিষ্কারক ব্যোমকেশ। পায়ের ছাপ আবিষ্কার করেছে জয়ন্ত।
(২) সাড়ে-তিন ঘন্টায় অ্যালার্ম-ঘড়িটা ১৪ মিনিট স্লো হয়ে গেছে। আগামী ১৪ মিনিটে ঘড়িটা প্রায় ১ মিনিট স্লো হবে।
সুতরাং প্রায় ১৫ মিনিট বাদে অ্যালার্ম-ঘড়িটায় বারোটা বাজবে।
(৩) ৬৩ বছর।
(৪) দেওয়া সূত্রগুলো ধরে একটু একটু করে এগিয়ে যাও। দরকার হলে একটা ছক কেটে নিতে পারো।
দেখবে ছক থেকে প্রত্যেকের দল ও পেশা বেরিয়ে আসবে।
জয়দীপ লহরীতে খেলে। তার পেশা ব্যবসা।
চন্দন খেলে দক্ষিণায়নে। সে অধ্যাপক।
বরুণ খেলে মিলনীতে। সে ব্যাংক-অফিসার।
স্বপন খেলে হীরামনে। সে ইঞ্জিনীয়ার।
জয়দীপ ও স্বপন স্পিন বোলার। উইকেট-রক্ষক হল চন্দন ও বরুণ।
(৫) দুটো উত্তর দেওয়া হল—
৩৭ = ৩৩ + ৩ + ৩/৩
৩৭ = ৩৩৩ / (৩ x ৩)