৪৩টি প্রাচীন বাংলা ধাঁধা | 43 Ancient Bangla Dadha | MakeMyNotes
ধাঁধা | Bangla Dhadha | ১
তিন অক্ষরের নাম তার সর্ব্বলোকে খায়।
প্রথম অক্ষর না থাকিলে লোকে মন্দ কয়।
মধ্যম অক্ষর না থাকিলে নাক নড়বড় করে।
অন্তিম অক্ষর না থাকিলে মুখ চুলকে মরে।।
ধাঁধা | Bangla Dhadha | ২
তিন অক্ষরের নাম তার সর্ব্ববাড়ী রয়।
মধ্যম অক্ষর কেটে দিলে হরিগুণ গায়।
প্রথম অক্ষর কেটে দিলে সর্ব্বলোকে খায়।
শেষ অক্ষর কেটে দিলে সবাইক কামড়ায়।
ধাঁধা | Bangla Dhadha | ৩
তিন অক্ষরে নাম তার সর্ব্বলোকে পায়।
শেষ অক্ষর ছেড়ে দিলে বড় স্বাদ পায়।
মধ্যম অক্ষর ছেড়ে দিলে মীনের বিনাশ।
প্রথম অক্ষর ঘুচাইলে হয় সর্ব্বনাশ।।
ধাঁধা | Bangla Dhadha | ৪
দুই অক্ষর নাম তার শুনে ভয় পাই।
প্রথমে আকার দিলে সর্ব্বলোকে পায়।।
শেষ অক্ষরে ঐ যোগে হৃদয়েতে রাখি।
তারপরে তা দিলে আদরেতে ডাকি।।
ধাঁধা | Bangla Dhadha | ৫
দুই অক্ষরের নাম তার সর্ব্বলোকে জানি।
নিচেতে পুরুষ তার উপরে কামিনী।।
মুখেতে করিয়া গ্রাস উদরে চিবায়।
তাহার উচ্ছিষ্ট দেব দ্বিজগণে খায়।।
ধাঁধা | Bangla Dhadha | ৬
আহারে সুপথ্য অতি মিথ্যা কথা নয়।
তিন বর্ণের নাম তার করহ নির্ণয়।।
আদ্যক্ষর ঘুচাইলে লতাইয়া যায়।
শেষ বর্ণ না থাকিলে সময় বুঝায়।।
ধাঁধা | Bangla Dhadha | ৭
দেখ দেখ কাট কাট দেহ জোড়া জোড়া।
পিঠে তার চড়ে লোক নহে কিন্তু ঘোড়া।।
নির্জ্জীব শরীর কিন্তু খট খট করে।
একটা শিঙের শিং দেখ তার পরে।।
ধাঁধা | Bangla Dhadha | ৮
আছে কল, আছে জল, মাটি, পাতা রস।
অনল, পবন, ধুম্র সবার পরশ।।
মুখে মুখে কয় কথা একবোল বলে।
না ডাকিলে রহে চুপ হাতে হাতে চলে।।
ধাঁধা | Bangla Dhadha | ৯
জীব নয় জন্তু নয় বুঝে দেখ ভাই।
যাইলে তাহার কাছে জীবন জুড়াই।।
হাত-পা হীন সে ধীরে ধীরে চলে।
বুঝে বল কে এমন আছে এ ভূতলে।।
ধাঁধা | Bangla Dhadha | ১০
উপর থেকে পড়লো ঘুড়ি, ঘুড়িতে ঘিরলো বাড়ী।
দরজা ভেঙে ঘর পালাল, গৃহস্থের গলায় দড়ি।।
ধাঁধা | Bangla Dhadha | ১১
চামড়ার দেহ তার হাড় মাস নাই।
এদেশে ওদেশে ফিরে ওরা দুটি ভাই।।
পদানত পাঠ পায় লোকে তাই চড়ে।
রাগিলে উঠিয়া গিয়ে পিঠের উপর পড়ে।।
ধাঁধা | Bangla Dhadha | ১২
বাপে নাহি জন্ম দিল জন্ম দিল পরে।
যখন পুত্রের জন্ম হল মা ছিলেন না ঘরে।।
কেবা সেই জন্মদাতা কেবা সেই জন।
তাহার পিতার নামে পালায় শমন।।
ধাঁধা | Bangla Dhadha | ১৩
দেখিতে বাঘের মত নহে সে শার্দ্দূল।
শিকারিতে দেই কিন্তু বাঘের সমতুল।।
গজেন্দ্র সমান গতি নহে করি ভয়।
রমণী সমাজে তার অতি সমাদর।।
ধাঁধা | Bangla Dhadha | ১৪
আড়ে দীর্ঘে চারিদিকে যে দিকেই কাটো।
ক্রমে ক্রমে বৃদ্ধি পায় নাহি হয় খাটো।।
কাটিলে সকল বস্তু খাটো কিন্তু হয়।
এ দ্রব্য যত কাটো তত বড় হয়।।
ধাঁধা | Bangla Dhadha | ১৫
দ্রৌপদীর দর্প হরি করিবারে দূর।
যে ফলেতে কৈলা তার সেই দর্পচূর।।
কালেতে অধিক জন্মে অল্প মূল্যে পাই।
কি ফল বলহ ভাই পাইলেই খাই।।
ধাঁধা | Bangla Dhadha | ১৬
জলেতে জন্মিয়া সে জল নষ্ট করে।
স্বভাবতঃ দুই শিং দুইদিকে ধরে।।
অঙ্গের উঠালে ছাল হয় রূপবান।
কিবা জাতি হয় তাহা বলহ ধীমান।।
ধাঁধা | Bangla Dhadha | ১৭
দুই বর্ণ গাত্র বস্ত্র, এক অর্থে গাছ।
এক অর্থে বর্ষপূর্ণ, এক অর্থে মাছ।।
ধাঁধা | Bangla Dhadha | ১৮
মাতা পুত্রে উভয়েতে একস্থানে পুষে।
সুখাদ্য না দেয় তারে কটুতায় তোষে।।
যাহা দেও তাহা খায় করয়ে চর্ব্বন।
সে সব উচ্ছিষ্ট খায় দেবতা ব্রাহ্মণ।।
ধাঁধা | Bangla Dhadha | ১৯
দ্বি-ভুজা রমণী তার দশভুজা পতি।
পঞ্চমুণ্ডু ছয় পতি নহে পশুপতি।।
পতির পিতার কোন পুত্র না হইল।
কেবা সেই নারী হয় চিন্তা করি বল।।
ধাঁধা | Bangla Dhadha | ২০
অঙ্গেতে কন্টক! সজারু সে নয়।
পাইলে মনুষ্য গন্ধ তাহারে ছেদয়।।
মধুর সৌরভ গন্ধ কত দূরে যায়।
পাইয়া তাহারে লোকে অমনি ছেদয়।।
ধাঁধা | Bangla Dhadha | ২১
আশ্চর্য্য দেখ ভাই বিধির বিড়ম্বন।
স্ত্রী-পুরুষ কভু তারা না করে সঙ্গম।।
তথাপি তাহার বংশ ক্রমে বৃদ্ধি পায়।
দেখিলে তাহাদের চমকে উঠে কায়।।
ধাঁধা | Bangla Dhadha | ২২
জল মধ্যে জন্ম তার জল মধ্যে রয়।
পুত্র শোক নাহি তার সর্ব্বলোকে কয়।।
চক্ষু না মুদি যায় নিদ্রা বিধির সৃজন।
কে আছে এমন।।
ধাঁধা | Bangla Dhadha | ২৩
সূচ সম মাথা তার করাত সম ধার।
কেশহীন মস্তক উপরে জটাভার ॥
যোগী ঋষি নহে কিন্তু গায়ে মাখে ছাই।
বুঝহ পণ্ডিত তাহা সংকেতে জানাই ॥
ধাঁধা | Bangla Dhadha | ২৪
রজনীতে জন্ম তার দিবসে মরণ।
বিনা শ্রমে শূন্য পথে করয়ে ভ্রমণ ॥
ক্ষণে দর্শন হয় ক্ষণে অদর্শন।
আলোতে পড়িলে সবে বলে অলক্ষণ ॥
ধাঁধা | Bangla Dhadha | ২৫
রমণীগণের বল হেন কিবা আছে।
প্রকাশিয়া বলি ভাই শোন মম কাছে ॥
সকলে দেখিতে তাহা অনায়াসে পায়।
স্বামী তার নাহি দেখে বুঝে উঠা দায় ॥
ধাঁধা | Bangla Dhadha | ২৬
নাই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে।
কহেন কবি কালিদাস পথে যেতে যেতে ॥
ধাঁধা | Bangla Dhadha | ২৭
মাংসের শিং মাংসের পর। মুখে তোর পিঠে ঘর ॥
ধাঁধা | Bangla Dhadha | ২৮
জন্ম ধলা কর্ম কালা কোমরে গুড় গুড়ে হার।
লাফ দিয়ে শিকার করে ঊর্দ্ধে লাঙ্গুল তার ॥
ধাঁধা | Bangla Dhadha | ২৯
মুখের নিকট পাই তুমি খাও আমি খাই।
খেয়ে নাহি পেট ভরে বাড়ে ক্ষুধা কি বালাই ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩০
ভোঁ-ভোঁ শব্দ করে ভোমরা সে নয়।
গলায় পৈতা বামুন নয় ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩১
একটুখানি ঘরে চুন কাম করে।
এমন মিস্ত্রী নাই যে ভেঙ্গে গড়ে ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩২
হাঁপি হাঁপি হাঁপি, দুই পা দিয়ে চাপি ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩৩
বুক আছে পিঠ আছে হাত দুইখান।
মাথা নাই মুখ নাই লোকে গিলে খান ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩৪
অতল বিলের কাতল মাচ পদ্ম বিলের পাতা।
কোন শাস্ত্রে লেখা আছে ফলের আগায় পাতা ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩৫
সবাকার ধরে শিরে নাহি ধরে কেশে।
হাত-পা নাই তার ধরে সে কিসে ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩৬
পাখা নাই উড়ে যায়, মুখ নাই ডাকে।
বুক ফেটে আলো ছুটে কান ফাটে হাঁকে ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩৭
পাঁচ জোয়ানে তুলে মাটি বত্রিশ জোয়ানের ঘাড়ে।
কোথাকার এক বুড়ি এসে ফেললো অন্ধকারে ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩৮
আকাশ থেকে পড়ল থাল, থাল দম দম করে।
বৃন্দাবনে আগুন ধরলো কে ঠেকাতে পারে ॥
ধাঁধা | Bangla Dhadha | ৩৯
সতত গোপনে থাকে কিন্তু নারী নয়।
রবি কর তাপে ম্লান হয় অতিশয় ॥
যৌবনে নাহিক রস এ আশ্চৰ্য্য অতি।
বৃদ্ধকালে হয় সে পূর্ণ রসবতী ॥
ধাঁধা | Bangla Dhadha | ৪০
কাঠের গরু টি দেখ মাটির বাছুর।
বাট নাই দুধ তার জন্মায় প্রচুর ॥
বল দেখি একি রূপ অপরূপ ধাঁধা।
গোরুর গলায় কিন্তু বাছুর টি বাঁধা ॥
ধাঁধা | Bangla Dhadha | ৪১
এটির মধ্যে ওটি দিয়ে মাগ ভাতারে রইলো শুয়ে।
বাইরেতে ছিল যারা ঠেলাঠেলি করে তারা ॥
কহে কবি কৈলাশ ভাব বসে বার মাস ॥
ধাঁধা | Bangla Dhadha | ৪২
দেখে এলাম বীর নগরের হাটে।
আট-পা দুই খুর শির তার পিঠে ॥
ধাঁধা | Bangla Dhadha | ৪৩
উঠতে পক্ষী ঝুমুর ঝুমুর নামতে পক্ষী ধাঁধা।
আহার করতে গেল পক্ষী লেজ থাকলে বাঁধা ॥
ধাঁধার উত্তর Bangla Dhadha Answer — ১) কচুরি, ২) বিছানা। ৩) আমড়া, ৪) যম, ৫) যাঁতা, ৬ পলতা, ৭) খড়ম ৮) হুকো, ৯) ছায়া, ১০) জাল, ১১) জুতা, ১২) কুশ ১৩) বিড়াল, ১৪) গর্ত্ত, ১৫) আম, ১৬) পানিফল, ১৭) শাল ১৮) শিল–নোড়া, ১৯) দ্রৌপদী, ২০) কাঁঠাল, ২১) ময়ূর, ২২) মাছ ২৩)কেয়াফুল ২৪) জোনাকী ২৫)বিধবা ২৬) লেজকাটা গরু ২৭)শামুক ২৮) জাল ২৯) চুম্বন ৩০) চরকা ৩১) ডিম ৩২) মই ৩৩) জামা ৩৪) আনারস ৩৫) মাথাধরা ৩৬) মেঘ ৩৭) ভাত খাওয়া ৩৮) সূর্য্য, ৩৯) পান, ৪০) খেজুর গাছ, ৪১) খিল (দরজা), ৪২) দাঁড়ি, ৪৩) জাল।